| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি লেগুনা গাড়ীসহ তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার (৭ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার অপসরী কমিটি সেন্টারের পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মোবাইল ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. কামরুল হাছান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লেগুনা গাড়ীতে করে আশপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুসু যশ চাকমার নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মামুন (২৫), তৌহিদুল ইসলাম আরাফাত (২১) ও ইসকান্দর (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়। পুলিশ লেগুনা গাড়ী তল্লাশি করে একটি সুইচ চাকু, একটি কাটার, একটি স্টিলের চাকু, একটি দা, একটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে অভিযানের সময় তাদের সহযোগী আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পটিয়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।