| ছবি: এম. মনছুর আলম
কক্সবাজারের মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজনে র্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর ১টায় মহেশখালী উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলা দীঘির মাঠ এলাকায় প্রতিদিন প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পৌরসভার মাধ্যমে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও পরদিন আবারও একই অবস্থা সৃষ্টি হয়। পরিবেশ রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষেরও সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সবাই উদ্যোগ নিলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা সম্ভব। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সোনাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারের সোনাদিয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বাপা'র সহ-সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক স ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক আজিজ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সম্পাদক ওমর ফারুক বদরী, যুগ্ম সম্পাদক এ এইচ এম জুনাইদ, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার জাহাঙ্গীর আলমসহ বাপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ।