শিরোনামঃ

বিজিবির অভিযানে লাখ টাকার বিদেশি পণ্য জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ১২ বোতল বিদেশি মদ, ৩৯ কার্টন বিদেশি সিগারেট, ৫ বোতল কমফোর্ড, ১৫টি হারমন সাবান, ৪টি ডাবর রেড টুথপেস্ট, ১৮০ প্যাকেট সানসিল্ক শ্যাম্পু এবং ২৪টি ফ্রেশ পাউডার।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য এক লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে মারিশ্যা জোন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং মারিশ্যা এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL