কক্সবাজারের মহেশখালী উপজেলায় এলজিইডির অর্থায়নে নৌপথের ল্যান্ডিং স্টেশন স্থাপনের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কারণে মহেশখালী দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে এ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে।
এ সময় কক্সবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্হ্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।