শিরোনামঃ

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল কিশোর, ট্রেনের ধাক্কায় মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কানে হেডফোন লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। সে গত কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. খলিল বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইসেল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইসেল ও শব্দ শুনতে পায়নি। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকাল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL