চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে মো. নজরুল (৪৫), তপন আচার্য্য (৪৫) ও মো. মামুন (২৯) নামে তিন যুবককে মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৯ জুন) উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকার হাট ও ফতেপুর ইউনিয়নের ১নাম্বার গেইট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্ব পরিচালিত পৃথক দুইটি অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত মো. নজরুল উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বাসিন্দা ফছন মিয়ার ছেলে, তপন আচার্য্য মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা মৃণাল আচার্য্যের পুত্র ও মো. মামুন ফতেপুর ইউনিয়নের বাসিন্দা মাহমুদ মিয়ার ছেলে। তাদের মধ্যে মো. নজরুল ও তপন আচার্য্যকে এক মাস করে এবং মো. মামুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, আজ উপজেলা বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে জনসম্মুখে মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে একমাস করে ও একজনকে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা দেওয়া হয়।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের চালান ও মাদক বিক্রেতা সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।