চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের দায়ারঘাটা এলাকায় একটি সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রস্তুত রাখা বাঁশ ও বেড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। আগুনে বাঁশের নির্মাণ সামগ্রীসহ পুড়ে গেছে বেশ কয়েকটি জীবিত নারিকেল গাছ।
অগ্নিসংযোগের খবর পেয়ে রাত আনুমানিক তিনটার দিকে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, জাফর আহম্মেদ নামে স্থানীয় এক ব্যক্তি তাঁর ক্রয়কৃত জায়গায় নতুন সীমানা প্রাচীর নির্মাণের জন্য বাঁশের বেড়া ও খুঁটি প্রস্তুত করে রেখেছিলেন। স্থানীয় ব্যবসায়ী আবু বক্করের উঠানে এই নির্মাণ সামগ্রীগুলো স্তুপ করে রাখা ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেরাসিন ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিলে পুরো স্তুপটি নিশ্চিহ্ন হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিনতি বিশ্বাস জানান, রাত দুইটার দিকে আগুনে বাঁশ পোড়ার বিকট শব্দ শুনে প্রথমে তাঁদের এলাকায় গোলাগুলি হচ্ছে বলে মনে হয়েছিল। পরে ঘর থেকে বের হয়ে তাঁরা বাঁশ ও বেড়ার স্তুপে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন।
ক্ষতিগ্রস্ত জাফর আহম্মেদের অভিযোগ, তাঁর ক্রয় করা জায়গা দখলে বাধা দিচ্ছেন প্রবাসী খোরশেদ জামাল নামের এক ব্যক্তি। তাঁরই নির্দেশে তাঁর ভাই ফোরকান সন্ত্রাসীদের নিয়ে রাতের অন্ধকারে এই আগুন লাগিয়েছে। এই ঘটনায় তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী জাফর আহম্মেদ আরও জানান, ঘটনার পর তিনি রাউজান থানাকে অবহিত করেছেন এবং পুলিশের পরামর্শ অনুযায়ী আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানিয়েছেন, অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।