প্রচণ্ড গরমে জনসাধারণের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখা। সোমবার সকাল ১১টায় সংগঠনের উদ্যোগে রাউজান সদর এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও যানবাহনের চালকদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা। আব্দুল হাকিম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ জাকের হোসেন মাস্টার, মাওলানা হাবিবুল হোসাইন, প্রফেসর মাহফুজুল আলম, রাউজান আর.আর.এ.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, উপজেলার সাংগঠনিক সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, মাওলানা মহিম উদ্দিন, মোসলেম উদ্দিন, মোহাম্মদ ইমন উদ্দিন, মোহাম্মদ জিকু, টিপু সুলতান কালু, গিয়াস উদ্দিন ও ছাত্রনেতা সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অংছিং মারমা বলেন, “সারা দেশে বর্তমানে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। অতিরিক্ত গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। এই তীব্র গরমে রাস্তার পাশে দাঁড়িয়ে তৃষ্ণার্ত মানুষের সেবায় শরবত বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। সমাজের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের হাতে শরবত তুলে দেন। এ সময় স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রশংসা করেন।